, , ।
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, রাজশাহী জেলার উদ্যোগে উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক ও জেলা সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নগরীর লোটাস কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা কুতুব উদ্দিন বাদশা।
রাজশাহী জেলা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। মতবিনিময় সভায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কুতুব উদ্দিন বাদশা, গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং পেশাগত উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি গ্রাম পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধি, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাম পুলিশ বাহিনী দেশের তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সবুজ/শামি