বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার বফলগাড়ি গ্রামে ছেলের হাতে বাবা খুন এবং এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে এবং খুনী ছেলের মা-বোন। শনিবার ১৪ মার্চ সন্ধ্যারাতে কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আক্কাস আলী মন্ডল (৬০) বফলগাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত গোলাপ হোসেনকে (৩০) আটক করেছে।
কালাই থানা পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যারাতে গোয়াল ঘরে গরুর খাবার দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ রেগে গিয়ে ছেলে গোলাপ হোসেন তার বাবা আক্কাস আলীর ওপর কাঠের বাটাম, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের এক পর্যায়ে ধারালো (হাসুয়া) অস্ত্র দিয়ে কোপ দেয়।
এ সময় বাধা দিতে গেলে গুরুত্বর আহত হন আক্কাস আলীর স্ত্রী ও মেয়ে। আহতদের আর্তচিৎকারে গ্রামবাসী তাদের ৩ জনকেই উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানকার দায়িত্বরত চিকিৎসক আক্কাস আলী মন্ডলকে মৃত ঘোষণা করেন। নিহত আক্কাস আলীর আহত স্ত্রী ও মেয়ে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেওয়া সহ অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করেছে। আটক গোলাপ হোসেনকে রবিবার সকালে ১৫ মার্চ জয়পুরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।