সর্বশেষ সংবাদ :

রাজশাহী মেডিকেলের শয্যা ৩ হাজারে উন্নীত করা হবে: ডা. জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ৩ হাজারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। সোমবার (২৬ জানুয়ারি) নগরীর দড়গাপাড়ায় গণসংযোগকালে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গণসংযোগ পরবর্তী পথসভায় ডা. জাহাঙ্গীর বলেন, বর্তমানে রামেক হাসপাতালে শয্যা সংকট প্রকট। ১২০০ শয্যার বিপরীতে ৩ হাজার রোগী ভর্তি থাকে, যার ফলে রোগীদের ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি; আমাদের পরিকল্পনা হলো এই শয্যা সংখ্যা ৩ হাজারে উন্নীত করা এবং বাজেট বৃদ্ধি করা, যাতে প্রতিটি রোগী মানসম্মত ঔষধ ও চিকিৎসা সামগ্রী পায়।

তিনি আরও জানান, রাজশাহীতে ক্যানসার, হার্ট অপারেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন এবং লিভারের জটিল চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা চালু করা হবে, যাতে এ অঞ্চলের মানুষকে আর ঢাকা বা বিদেশে যেতে না হয়।
বন্ধ শিশু হাসপাতাল ও নতুন সদর হাসপাতাল দীর্ঘদিন ধরে পড়ে থাকা রাজশাহী শিশু হাসপাতাল দ্রুত চালু করার দাবি জানিয়ে তিনি বলেন, বিল্ডিং হলেও লোকবল সংকটে শিশু হাসপাতালটি চালু হচ্ছে না। আমরা বলেছি, প্রয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিকিৎসকরা সেখানে বিনা পারিশ্রমিকে সেবা দেবেন।

পাশাপাশি, ঈদগাহ মাঠের সামনের আল-আমিন হোস্টেল সংলগ্ন ৯ বিঘা জমিতে একটি নতুন সদর হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তিনি উল্লেখ করেন যে, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে এ বিষয়ে তার প্রাথমিক আলোচনা হয়েছে।

 

রাজশাহীকে ‘বেকারের নগরী’ আখ্যা দিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহী শিক্ষানগরী হলেও এখানে কর্মসংস্থান নেই। আমরা দাবি জানিয়েছি এই অঞ্চলে দ্রুত একটি ইপিজেড (EPZ) স্থাপনের। এটি হলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে এবং হাজার হাজার শিক্ষিত বেকারের কর্মসংস্থান হবে। তিনি মৃতপ্রায় বিসিক শিল্পনগরী পুনরুজ্জীবিত করা এবং হাইটেক পার্ককে কার্যকর করার ওপর জোর দেন।

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবার মূল্য একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হবে। একইসাথে চিকিৎসা খাতে বরাদ্দ ৬ থেকে ৮ গুণ বৃদ্ধি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা রাজশাহীর উন্নয়নে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে ডা. জাহাঙ্গীরকে জয়যুক্ত করার আহ্বান জানান।

ফেরদৌস /শামি


প্রকাশিত: January 26, 2026 | সময়: 9:19 pm | Daily Sunshine

আরও খবর