রাজশাহীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ রির্পোটার: ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রাজশাহীর বিভিন্ন উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রাম: উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সাংবাদিক সাইফুর রহমান বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা যায়। মানবিকতা, সহমর্মিতা ও সমতার ভিত্তিতে একটি কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নওগাঁ: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদিয়া আফরিন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, উপকারভোগী সালমা বেগম বক্তব্য রাখেন। বক্তারা সমাজ সেবার বিভিন্ন ভাতাভোগীদের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পাঁচবিবি: আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী সমাজ সেবা কর্মকর্তা দেব দুলাল পাহান, ইউনিয়ন সমাজ কর্মী আমিনুল ইসলাম। এর আগে একটি র‌্যালী উপজেলা চত্তর প্রদক্ষিণ করে।
গোদাগাড়ী: অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহা¤মাদ আব্দুল মানিক। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের ফলে সমাজসেবার আওতাভুক্ত মানুষ এখন দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন। এতে সেবাগ্রহীতাদের আস্থা বেড়েছে ও অনিয়ম কমেছে বলেও তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহা¤মাদ আব্দুল মানিক বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও এতিমদের জন্য পরিচালিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
সমাজ ও মানব কল্যান সংঘের মহাসচিব নূরে আলম ওয়াহিদ বলেন, সমাজসেবা কার্যক্রমে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণও জরুরি। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
এ পর্বে উপজেলার বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রমে প্রযুক্তির পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। প্রতিপাদ্যটি বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠনের পথনির্দেশনা দেয় বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে বক্তারা বৈষম্যমুক্ত ও মানবিক সমাজ গঠনে সমাজসেবামূলক কর্মকান্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আত্রাই: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাগুলো আজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত সমাজসেবাকে কেবল দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে জনগণের সেবা নিশ্চিত করা। যোগ্য ব্যক্তিরাই যেন সরকারি এই সুযোগ-সুবিধা পায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী সিরাজ উদ্দিন ও আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এর সুষম বণ্টনের ওপর জোর দেন।


প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬ | সময়: ১:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর