, , ।
জুবায়ের তুহিন, রাজশাহী :
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী জেলার দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ নেমে এসেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিসংবাদিত ও প্রভাবশালী নেত্রী। ১৯৯১ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সংহতকরণ, জাতীয় ঐক্য গড়ে তোলা, শান্তি প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে তাঁর গৃহীত উদ্যোগসমূহ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও তাঁর অদম্য সাহস, অবিস্মরণীয় ধৈর্য ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এক অভিজ্ঞ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ধারায় তাঁর অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
সানশাইন /শামি