সর্বশেষ সংবাদ :

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ঠাকুরগাঁও প্রতিনিধি :
পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে চালানো হয়েছে কঠোর অভিযান। মঙ্গলবার সদর উপজেলার ভপলা এলাকায় অবস্থিত মেসার্স ফাইজুল ব্রিকস নামের অবৈধ ইটভাটাটি চিমনিসহ পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ভাটামালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান। অভিযানকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিল পুলিশ, আনসার, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ ছাড়পত্র ছাড়াই এবং নিষিদ্ধ এলাকায় গড়ে ওঠা এই ইটভাটা দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এতে আশপাশের ফসলি জমির উর্বরতা নষ্ট হওয়া ছাড়াও বায়ুদূষণ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছিল। অভিযানের সময় ভাটার চুল্লি ভেঙে ফেলা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
মাসুদ বিপ্লব /শামি

প্রকাশিত: December 30, 2025 | সময়: 8:36 pm | Daily Sunshine