, , ।
জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে চালু ছিল শহীদ তাজুল ইসলাম স্মরণে জরুরি বাইক সেবা। রবিবার (২১ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার প্রথম দিন থেকেই শুরু হওয়া এই সেবা সোমবার (২৯ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা শেষ হওয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
জরুরি বাইক সেবার পাশাপাশি ভর্তি পরীক্ষাকে ঘিরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এ বছর আরও বেশ কিছু সহায়ক কার্যক্রম পরিচালনা করেছে। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অতিথি বিশ্রামাগার এবং জরুরি হটলাইন সেবা চালু করা হয়, যা প্রয়োজনের মুহূর্তে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করেছে।
সংগঠন সূত্রে জানা যায়, এ বছর ভর্তি আবেদন শুরু হওয়ার সময় থেকে শুরু করে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমে সহস্রাধিক শিক্ষার্থীর কাছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহায়তা পৌঁছেছে। আবেদন সংক্রান্ত তথ্য, দিকনির্দেশনা, যাতায়াত সমস্যা সমাধানসহ নানামুখী সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের(একাংশ) সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন”শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যেকোনো সংকটে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শহীদ তাজুল ইসলামের আদর্শ ধারণ করেই আমরা প্রতিবছর এই মানবিক কাজ করে যাচ্ছি।এছাড়াও আমরা অতিথিদের বিশ্রামাগার এবং জরুরী হটলাইন সেবা প্রদান করেছি। এবছর ভর্তি আবেদন থেকে শুরু করে পরীক্ষা দেওয়ার পর্যন্ত অনলাইনে এবং অফলাইনে সহস্রাধিক শিক্ষার্থীর কাছে আমাদের সাহায্য পৌঁছাতে পেরেছি”।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শহীদ তাজুল ইসলাম জরুরি বাইক সেবাও তারই একটি ধারাবাহিক উদ্যোগ।
আলামিন খান /শামি