, , ।
যবিপ্রবি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে হল সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন ।পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে দোয়া ও সম্মিলিত মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
এ বিষয়ে জিএবিটি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সামিউল আলিম সামি বলেন,” হাদি ভাই ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে নির্ভীক ছিলেন। তাকে স্তব্ধ করতেই এই সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। সম্মুখ সারির যোদ্ধারা এভাবে আক্রান্ত হওয়া গভীর উদ্বেগের বিষয়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে।”
এ ছাড়াও পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজ রাসেল বলেন,”আজ দুপুরে ,ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বর এবং ‘চব্বিশের’ অন্যতম পথপ্রদর্শক আমাদের হাদী ভাইয়ের ওপর যে আক্রমণ হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা মনে করি, এই হামলা শুধু তাঁর ওপর নয়, এটি ‘চব্বিশের’ সকল সহযোদ্ধার প্রতি একটি আঘাত।আমাদের ক্যাম্পাসেও কিছু মহল মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিচ্ছে। আমরা এই ধরনের উসকানিমূলক কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এবং দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাতে চাই, যাতে ভবিষ্যতে কোনো প্রকার অশুভ তৎপরতা আর মাথাচাড়া দিতে না পারে।”
তারেক/শামি