সর্বশেষ সংবাদ :

দেশের মানুষ এখন স্বচ্ছতা , জবাবদিহিতা ও সুশাসন চায় : আবু সাঈদ চাঁদ

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই এখন আমাদের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা’শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে স্থানীয় তরুণ নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশ ।

রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আবু সাঈদ চাঁদ আরো বলেন দেশের তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখছে। তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। “আমি বিশ্বাস করি, তরুণরাই ধানের শীষের বিজয় সু-নিশ্চিত করবে ।

আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনে বিএনপির লক্ষ্য স্পষ্ট। আমরা গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। তিনি বলেন , বিএনপি সব সময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে ও দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে নিবেদিত ভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ ছাড়েননি। তারা প্রমাণ করেছেন, বিএনপিকে দমিয়ে রাখা যায় না। যারা এই কঠিন সময়ে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আবু সাঈদ চাঁদ।

বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে এই আসনে বিএনপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে। তারা ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ বিজয়ের লক্ষে কাজ করছে। আমরা শতভাগ নিশ্চিত, এই আসনে আ’লীগ দু:শাসনের পূর্বে যেমনটি ধানের শীষের দখলে ছিলো একই ভাবে আবারও সেই হারানো ঐতিয্য আমরা ফিরে পাবো।

সানশাইন /শামি


প্রকাশিত: November 18, 2025 | সময়: 9:48 pm | Daily Sunshine