, , ।
রানা হামিদ, বদলগাছী,নওগাঁ :
বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলার আয়োজনে চলমান ৯ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৫–এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে একদিনের শিক্ষামূলক আনন্দ সফর। তাদের গন্তব্যের স্থান নির্ধারণ করেন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৩টার দিকে জয়পুরহাট থেকে প্রায় ৫০০ জন কাব স্কাউট ও কর্মকর্তা উপদলে বিভক্ত হয়ে পাহাড়পুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বৌদ্ধবিহারে পৌঁছে তারা ঘুরে দেখেন বিহারের প্রাচীন স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাদুঘর। ইতিহাসের নিঃশব্দ সাক্ষীদের সামনে দাঁড়িয়ে তারা জানতে পারে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় অধ্যায়।
সফরে অংশ নেওয়া কাব স্কাউট রওজা বলেন, “আজকের সফর ছিল খুব মজার ও শিক্ষণীয়। ইতিহাসের সঙ্গে পরিচয় পেয়ে সত্যিই আমি আনন্দিত।”
কাব স্কাউট নিরব বলেন, “পাহাড়পুর দেখে অনেক প্রেরণা পেলাম। এই অভিজ্ঞতা অবশ্যই মনে রাখার মতো।”
বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলার সম্পাদক মো. মাহমুদুল হাসান মুন্না বলেন-“এই সফর কাব বন্ধুদের জন্য ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তারা ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পেরেছে, যা তাদের শেখার আগ্রহ ও দায়িত্ববোধ আরও বাড়াবে।”
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান মুহাম্মদ ফজলুল করিম বলেন— “স্কাউটদেরকে হাজার বছরের প্রাচীন পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘরে স্বাগত জানাচ্ছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করা। স্কাউট সদস্যগণ প্রত্নস্থলটি পরিদর্শনের পাশাপাশি এই মেসেজটি সকলের কাছে ছড়িয়ে দিবে সেই প্রত্যাশা করছি। বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শনের মাধ্যমে স্কাউটগন আমাদের অতীত ইতিহাস সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্য সচেতন জাতি গঠনের ভূমিকা রাখবে বলে আশা করছি।”
সফরের সময় স্কাউট নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় পুলিশ সদস্যরা সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখেন। জয়পুরহাটে শুরু হওয়া ৯ম জেলা কাব ক্যাম্পুরী চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
সানশাইন /শামি