সর্বশেষ সংবাদ :

আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া মিথিলা

সানশাইন ডেস্ক: আবারও মিস ইউনিভার্স বাংলাদেশ -এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ -এর বিজয়ী ঘোষণা করা হয়।
জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন। তানজিয়া মিথিলা এর আগেও ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জিতেছিলেন। তবে সেবার করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হয়নি তার। এবার তিনি ব্যাংককে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
মিথিলা তার এই জয় উৎসর্গ করেন তার জন্মদাত্রী মাকে। তিনি বলেন, ‘আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও’। আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে মিথিলা বলেন, আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।
মিথিলা মডেলিং ও অভিনয়ের পাশাপাশি বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেছিলেন।


প্রকাশিত: September 20, 2025 | সময়: 6:53 am | সুমন শেখ

আরও খবর