সর্বশেষ সংবাদ :

আবারও ম্যানুয়েল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের, যা বললো কমিশন

রাবি প্রতিনিধি,ডিজিটাল :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রভাব প্রতিরোধ করতে ‘ম্যানুয়াল পদ্ধতি’ এর মাধ্যমে ভোট গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম” প্যানেল। এছাড়া স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণসহ মোট ৬টি দাবিও জানান তাঁরা।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১ টায় প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করে এসব দাবি জানান তাঁরা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে ম্যানুয়েল পদ্ধতিতে ভোট গণনা সম্ভব না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, এই যুগে এসে ম্যানুয়েল পদ্ধতিতে ভোট গণনা করা অনেক দূরহ একটি বিষয়। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। কাজেই তাদের অন্য ৫ টি দাবি আমরা দেখেছি; নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন তাদের অন্য ৫টি দাবির ব্যাপারে আন্তরিক।

ছাত্রদল অত্যন্ত বিজ্ঞ একটি দল। নির্বাচন কমিশন যেমন চায় নির্বাচন সুষ্ঠু-সুন্দর হোক, তারাও চায়। সুতরাং তারা বিষয়টি বুঝতে পারবে বলে আমি আশা করি।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- ‘ছবি যুক্ত ভোটার’ তালিকা, ভোট চলাকালীন ভোট প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত বৈধ (কার্ড/পাশধারী) ব্যক্তি ব্যতীত অন্য কাউকে ভোটকেন্দ্রের ১০০ মিটার এর মধ্যে সবার প্রবেশ নিষেধ।

লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার স্বার্থে, নির্বাচনে অবৈধ কালো টাকার প্রভাব প্রতিরোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই সকল প্রার্থীর জন্য একই আচরণ বিধিমালা।

স্মারকলিপি প্রদানকালে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন, এজিএস পদপার্থী জাহিন বিশ্বাস এষা-সহ বিভিন্ন পদপ্রার্থী ও রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানের সময় ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, আমাদের প্রশাসনের মধ্যে একটা গা ছাড়া ভাব। আমি বলতে চাই, আপনারা আরো একটু সোচ্চার হোন। আমরা ভোট বর্জন করতে চাই না। আমরা চাই, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। রাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে আমি আশাবাদী, সুষ্ঠুভাবেই নির্বাচন হবে। এবং আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হলে রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচন ২০২৫ হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ইতিহাসে গ্রহণযোগ্য একটি নির্বাচন।

এর আগে, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা দাবি জানিয়েছিলো ছাত্রদল সমর্থিত “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম” প্যানেল।

নাজমুল /শামি


প্রকাশিত: September 17, 2025 | সময়: 6:14 pm | Daily Sunshine

আরও খবর