সর্বশেষ সংবাদ :

ছাত্রশিবিরকে ধর্ষকের লালনপালন বন্ধ করতে হবে : ইবি ছাত্রদল আহবায়ক

ইবি প্রতিনিধি:

ছাত্রশিবিরকে ধর্ষকের লালনপালন বন্ধ করার আহবান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ। ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আপনাদের ছেলেদের থামান। এই ধর্ষনের পক্ষে কেউ অবস্থান নিবেন না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু নির্বাচনে ঢাবি ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাহেদ আহম্মেদ বলেন, ছাত্রশিবিরকে এই ধর্ষকের লালন পালন বন্ধ করতে হবে। এদের লালনপালন করা যাবে না। ধর্ষণের রাজনীতি, অস্ত্রের রাজনীতি, দখলের রাজনীতি সারাদেশের কোথাও কোন ক্যাম্পাসে চলবে না ইনশাআল্লাহ। স্বাধীন দেশে একাত্তরের মতো গণধর্ষণ আমরা চাই না। ৫ আগষ্টের পর, আমরা পরিবর্তিত বাংলাদেশ চাই। যেখানে নিরাপদ ক্যাম্পাস থাকবে, যেখানে আমাদের ভাই বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে।

তিনি আরো বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে যে ছাত্রশিবির করে, নাম আলী হাসান। আমাদের একজন শিক্ষার্থী বোন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি এবং ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে কারণ ফরহাদ ছাত্রলীগের সমাজকল্যাণ ইনস্টিটিউটের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রলীগ করার অভিযোগ প্রমাণিত। সেই রিটের প্রতিবাদে আলী হাসান ফেসবুকে পোস্ট করেছে ফাহমিদাকে গণধর্ষণ করতে হবে। । ইন্টেরিমের কাছে আমি দাবি জানাচ্ছি অতিদ্রুত এদের গ্রেফতার করতে হবে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, এই বাংলাদেশে আমরা সবাই যেন সুন্দর সুশৃংখল রাজনীতি করি। আমরা দিল্লির কিংবা পিন্ডির দাসত্ব করবো না সেই চিন্তা যেনো আমাদের মাথায় থাকে।

এদিন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিন, কর্মী রোকন, উল্লাস, স্বাক্ষর, তৌহিদ, আলামিন, মোহাম্মদ আলী, রেজাউল রাকিব সহ শতাধিক নেতাকর্মী।

 

ওয়াসিফ /শামি


প্রকাশিত: September 3, 2025 | সময়: 9:20 am | Daily Sunshine