সর্বশেষ সংবাদ :

ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানাগেছে। পুশ ইনের শিকার ওই ব্যক্তির নাম জীবন দে পিতার নাম গণেশ দে আসামের কুলারঘাট ভেড়াপান্নি এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গত শুক্রবার সকালে জয়পুরহাট জেনারেল হাসপাতালে অজ্ঞাত পরিচয়ে অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয়।
শনিবার সন্ধ্যায় হাসপাতালে সরাসরি তার সঙ্গে কথা বলে জানা যায়, বিএসএফ তাকে বাড়ি থেকে ধরে এনে জোরপূর্বক বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। তবে কোন সীমান্ত দিয়ে তাকে পার করা হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, জয়পুরহাট-হিলি সীমান্তের কোনো একটি অংশ দিয়ে পুশ ইন করা হতে পারে।
জীবন দে’র কথাবার্তা কিছুটা অস্পষ্ট এবং তার মাথা, হাত সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং নিজ দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।
এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা জানান, পুশ ইনের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। সে গুরতর অসুস্থ থাকায় বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি, চিকিৎসা শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: June 30, 2025 | সময়: 4:05 am | সুমন শেখ