সর্বশেষ সংবাদ :

কুড়িগ্রামে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা শহরের মজিদা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে ১৭ জুন মঙ্গলবার দুপুরে লাইজু কিডস ফুটবল একাডেমির আয়োজনে জেলার বিভিন্ন পর্যায়ে ফুটবলারদের অংশগ্রহণে ঈদ পুর্নমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মজিদা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলোয়াড়দের অংশগ্রহণে ঈদ পুর্নমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল করিম রাজু।
লাইজু কিডস ফুটবল একাডেমির প্রশাসনিক পরিচালক বিদ্যুৎ চন্দ্র রায়ের সভাপতিত্বে ঈদ পুর্নমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের প্রাক্কালে কুড়িগ্রাম জেলা ফুটবল দলের অধিনায়ক ফুটবলার রফিকুল ইসলাম ঝুনকুর মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, লাইজু কিডস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল হোসেন লাইজু কুড়িগ্রামকে ফুটবলের নগরী হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার ভালো কাজে সমাজের সকল স্তরের সচেতন মানুষকে এগিয়ে আসা উচিত।
কুড়িগ্রামের তিন কৃতি খেলোয়াড় মিলন, রিফাত ও রাফায়েল রংপুর বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে অনুর্ধ-১৭ ইভেন্টে অংশ নিচ্ছে। এটা কুড়িগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। আগামীতেও ফুটবল সহ সব ধরণের খেলায় কুড়িগ্রামের খেলোয়াড়রা সাফল্য বয়ে আনবে বলে আমরা আশাবাদী।
বিশেষ অতিথি কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল করিম রাজু বলেন মাদক মুক্ত যুব সমাজ গঠন করতে হলে ক্রীড়ার বিকল্প নাই। কুড়িগ্রাম জেলার সকল খেলার মাঠকে খেলার জন্য উন্মুক্ত রাখতে হবে। খেলার মাঠে মেলা অথবা গরু ছাগলের হাট বসানো কখনই সঠিক কাজ হবে না। তাই খেলার মাঠের পরিবেশ সুন্দর রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
পরে ঈদ পুর্নমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্টের বয়সভিত্তিক অনুর্ধ-১৪, অনুর্ধ-১৬ ও অনুর্ধ-১৮ বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ৪টি দলের অংশগ্রহণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: June 19, 2025 | সময়: 4:07 am | সুমন শেখ