, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে পুশ-ইনের সময় আছিয়া বেগম (৫০) নামে এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এরপর বিকেলে ধামইরহাট থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) শেষে তাকে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার ১৩ জুন দুপুরের দিকে উপজেলার জগদ্দল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আছিয়া বেগম যশোর জেলার ইশবপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী বলে জানা গেছে।
বিজিবি-১৪ (পত্নীতলা) অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ধামইরহাটে কালুপাড়া ক্যাম্পের আওয়াতাধীন সীমান্ত পিলার ২৭১/৭-এফ এলাকা দিয়ে বৃহস্পতিবার ১২ জুন মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই নারীকে বাংলাদেশে পুশ-ইন করে। নিজ দেশের সীমান্ত এলাকা চিনতে না পারায় তিনি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে থাকেন। পরে কালুপাড়া বিওপির সুবেদার আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল জগদ্দল মাঠে তাকে দেখতে পেয়ে আটক করে।
লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন আরও জানান, আছিয়া প্রায় ১০ বছর আগে অবৈধভাবে ভারত প্রবেশ করেন। সেখানে তিনি দক্ষিণ-পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে গৃহপরিচারিকার কাজ করতেন।
তবে রাত ৯টা পর্যন্ত আছিয়া বেগমের পরিবারের সাথে কোন ভাবে যোগাযোগ করতে পারেনি থানা পুলিশ বলে নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।
ওসি আরো জানান, তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে নাকি আদালতে সোপর্দ করা হবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে।