, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে সাঁড়াশী অভিযান চালিয়ে ৬ বালু দস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার বিকালে ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর সাঁড়াঘাট এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বেশ কিছুদিন ধরে পদ্মা নদীর পাকশী, সাঁড়া ও আরামবাড়িয়া এলাকায় অবৈধ বালু উত্তোলন, নৌকায় চাঁদাবাজি ও চরের জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীরা নানা ধরণের কর্মকান্ড শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৫ জুন সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনের বেলায় ব্যাপক অস্ত্রের মহড়া দিয়ে ইসলাম পাড়া এলাকার বালু মহলে ব্যাপক গুলি বর্ষণ ও ভাংচুর করে। সেই ঘটনার সিসি ফুটেজ বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ঘটনার প্রেক্ষিতে বুধবার দুপুরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার ও ওসি আ.স.ম আব্দুন নুর এর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযানে যায়।
পুলিশের অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাথারী গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করে। পরে স্পিট বোর্ড নিয়ে ধাওয়া করে ৬ বালু দস্যুকে গ্রেপ্তার করে। সে সময় তাদের বহনকৃত নৌকা তল্লাশী করে একটি বিদেশী রিভালবার ও একটি পাইপগান সহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুর নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মা নদীতে সন্ত্রাসীরা বেশ কিছুদিন থেকে নানা ধরণের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় তাদের বহনকৃত নৌকায় তল্লাশী চালিয়ে একটি বিদেশী রিভালবার ও একটি পাইপগান সহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতদের বিষয়ে অধিকতর তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তবে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।