, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সায়েন্সল্যাব এলাকায় ছিনতাইকারীর লাঠির আঘাতে আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। মঙ্গলবার (৩ জুন) ভোরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম (৪৫)। তার বিপি নম্বর ৮৪০৪০৩২০৭২। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বানিয়াহারী গ্রামের আফিল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং বদলি সূত্রে ময়মনসিংহে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক ৫টা নাগাদ এসআই রেজাউল করিম মতিহার থানাধীন সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা লাঠি দিয়ে তার ডান হাঁটু ও ডান হাতে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে সকাল ৫টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন। এ ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।