সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস নিয়ে রাজশাহীতে উদ্বেগ দেখা দিয়েছে আবার। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৮ জনের করোনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ এসেছে। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম এ তথ্য জানিয়েছেন।
বিভিন্ন তথ্য থেকে জানা যায়, আক্রান্ত ব্যক্তিরা কয়েক দিন ধরে হালকা জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। শরীরও দুর্বল হয়ে পড়ছে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন সোমবার একই ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়, তাঁদের মধ্যে ৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সাতজন চিকিৎসক। এছাড়া তার আগের দিন দুই জনের পরীক্ষার পর দুজনের শরীরেই করোনা পজিটিভ পাওয়া যায়।
কয়েক দিন ধরেই নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার বেড়েছে। সবাই হালকা উপসর্গে ভুগছেন, কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সুস্থ হতে কিছুটা সময় লাগছে। মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকেরাই পরীক্ষাগুলো করছেন বলে জানান তিনি।
রামেকের অধ্যক্ষ আরও বলেন, করোনা যেহেতু এখনো ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বয়স্ক ও ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য। তাই সতর্ক থাকা জরুরি। অন্তত ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের শরীরে করোনা উপসর্গ দেখা গেলে দ্রুত পরীক্ষা করানো উচিত।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সুত্র জানায়, রামেকে ভর্তি একজন রোগি হাসপাতালে ছিলো। তিনি মঙ্গলবার রিলিজ নিয়ে চলে গেছেন। এখন রামেকে কেনো করোনা রোগি ভর্তি নেই।


প্রকাশিত: June 4, 2025 | সময়: 3:33 am | সুমন শেখ

আরও খবর