সর্বশেষ সংবাদ :

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ‘বাবাকে আমি আট বছর ধরে দেখিনি। চলতে ফিরতে একাকিত্বের সময়ে আমার বাবা এসে বলেন, “আমাকে এখনো বের করলি না? আমাকে বের কর।” আমি রাতে ঘুমাতে পারি না। স্বপ্নে বারবার এসে বাবা ডাকে, “আমাকে খুঁজে নিয়ে আসবি না?” আমি এই ধরনের স্বপ্নই দেখি।’
এই হৃদয়বিদারক কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর। শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আট বছর আগে গুম হয়েছেন সাইফুল ইসলাম সাগরের বাবা।
এই মানববন্ধনের আয়োজন করা হয় ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ’ উদযাপন উপলক্ষে। মানববন্ধনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা চোখের জলে তাঁদের মনের কথা প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘আমাদের পিতা বা স্বামী জীবিত, না মৃত-আমরা জানি না। আমরা পিতৃহারা, না কি বিধবা সেটার নিশ্চিত উত্তর চাই।’
মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন মানববন্ধনে সংগঠনের পক্ষে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হলো- গুমের শিকার ব্যক্তিরা যারা এখনো ফেরত আসেননি, তাঁদের ভাগ্যে কী ঘটেছে তা জনগণকে জানানো; যেসব ব্যক্তিরা গুম হয়েছেন এবং ফিরে আসেননি, তাঁদের পরিবার যেন তাঁদের ব্যাংক হিসাব পরিচালনা, সম্পত্তি বিক্রি ও ভোগ করতে পারেন- সেই আইনি সুযোগ দেওয়া; গুমের পর যেসব ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের কারও কারও সন্ধান পাওয়া গেছে। এখনো কেউ সেখানে আছেন কি না-তা জানতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করা।
এছাড়া গুমের পর যারা ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এমনকি নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এসব মামলা প্রত্যাহার করে তাঁদের মুক্তি দেওয়া এবং গুমে জড়িত সবাইকে আইনের আওতায় এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানানো হয়।


প্রকাশিত: May 31, 2025 | সময়: 4:22 am | সুমন শেখ