সর্বশেষ সংবাদ :

আম চুরির দায়ে বৃদ্ধকে খুটির সাথে বেঁধে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় সাড়ে তিনমণ আম চুরির দায়ে আমির হামজা নামে একজন ষাটোর্ধ ব্যক্তিকে পাশ্ববর্তী বাজারে নিয়ে খুটির সাথে বেধে রেখে পুলিশে সোপর্দ করেছেন বাগান মালিক । এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। তারা বলেছেন, দেশে যারা বড়-বড় চুরির সাথে সম্পৃক্ত, তাদের কিছু না হলেও একজন বয়স্ক মানুষকে সামান্য আম চুরির দায়ে থানা হাজতে রাত কাটাতে হচ্ছে।শুক্রবার (৩০ মে) দুপুরে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে, বাগান মালিক মিঠন আলী ও লিটন আলী শুক্রবার দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানে গিয়ে একই গ্রামের জনৈক আমির হামজা (৬২)কে গাছ থেকে আম চুরি করা অবস্থায় হাতে-নাতে ধরে ফেলেন। পরে মিন্ট আলী, জিন্নাত আলী ও নিজাম আলীর সহায়তায় সাড়ে তিন মন আমসহ তাকে প্রেমতলী বাজারে নিয়ে খুটির সাথে বেধে রেখে পুলিশকে খবর দেন তারা। অত:পর থানা পুলিশকে এসে আমির হামজাকে থানায় নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুরি করা অন্যায়। তবে আমের পরিমান যে হেতু খুবই কম, সে জায়গা থেকে বৃদ্ধ মানুষ টাকে বাজারের একটি দোকানের খুটির সাথে বেধে রাখার পর খানা পুলিশে না দিয়ে স্থানীয় ভাবে গ্রামে তার(জরিমানা)-সহ গ্রাম বাসির কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে উপযুক্ত বিচার করা সম্ভব ছিলো।

এ বিষয়ে বাগান মালিক মিঠন আলী ও লিটন আলী জানান, সম্প্রতি তাদের বাগানে দু’দফা আম চুরি হয়েছে। এ কারণে তারা বর্তমানে বাগানের দিকে লক্ষ্য রাখছিলেন। সর্বশেষ শুক্রবার চোরকে হাতে-নাতে পাওয়ার পর রাগে-ক্ষোভে তারা ঐ ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমির হামজাকে থানায় আনা হয়েছে। বাগান মালিকদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। শনিবার ধৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে।

সানশাইন /নুরুজ্জামান /শামি


প্রকাশিত: May 30, 2025 | সময়: 10:02 pm | Daily Sunshine