সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে আ’লীগের অফিস দখল করে ইউনিয়ন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের অফিস দখল করে ইউনিয়ন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় করা হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪ নং নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারের আওয়ামী লীগের সাবেক সংসদ আব্দুল কুদ্দুসের ছেলের শহীদ কল্লোল স্মৃতি সংঘের এ কার্যালয়ে আগুন দেওয়া হয়। এই কার্যালয় শহীদ কল্লোল স্মৃতি সংঘ নামে হলেও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন ডালু ব্যবহার করতেন।
এখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়মিত উঠা-বসা ছিল। পুড়ে যাওয়া আধা পাকা কার্যালয়টিতে উপরের টিনের চাল বিনষ্ট দেয়াল ঠিক ছিল। সেখানেই ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪ নং নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌরাদ মন্ডল এই কার্যালয় নিয়ন্ত্রন করেন। এই কার্যালয়ে ইউনিয়ন বিএনপির বেশির ভাগ সদস্য উঠাবসা করে।
আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো বিষয়ে সাজদার রহমান বলেন, এই অফিসের জায়গার মালিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার। নীলুফার ইয়াসমিন ডালু দখল করে অফিস বানিয়েছিল। ৫ তারিখে বিএনপি ও আসাব সরকারের ছেলে সেটি পুড়িয়ে দেয়। পরে সেটি আবার মেরামত করে দলীয় কার্যালয় করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর ইউনিয়নের এক আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘এভাবে রাজনৈতিক দলের কার্যালয় দখল করা নিন্দনীয়। কিন্তু চলমান পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে কিছু বলতে পারছি না।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলী আকবর বলেন, আওয়ামীলীগের অফিস দখলে নেয়া ও সাইনবোর্ড টাঙানোর বিষয় আমরা জানি না। এ ব্যাপারে আমি কিছু বলতেও চাই না।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। বিষয়টি আমার জানা নাই।


প্রকাশিত: May 25, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ