, , ।
স্টাফ রিপোর্টার: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে গার্ল গাইডস্ এসোসিয়েশনের ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সোমবার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বালিঘাটা দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এই সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমানা রিয়াজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হলদে পাখি কার্যক্রম শিশুদের নৈতিকতা, নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের একটি আলোকিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, গার্ল গাইডস্ এসোসিয়েশন পাঁচবিবির স্থানীয় কমিশনার আফরোজা খানম চৌধুরী,গার্ল গাইডস্ এসোসিয়েশন পাঁচবিবির সম্পাদক বদরুন্নেছা হক নিপা সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
সভাপতির বক্তব্যে গার্ল গাইডস্ এসোসিয়েশন, পাঁচবিবির স্থানীয় কমিশনার আফরোজা খানম চৌধুরী বলেন, নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই তৈরি করা সম্ভব এই কর্মসূচির মাধ্যমে। আমাদের লক্ষ্য, প্রতিটি বিদ্যালয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা।
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষকদের প্রশিক্ষণ এবং সমাজের সার্বিক সহযোগিতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।