সর্বশেষ সংবাদ :

বাগমারায় স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতি স্বামী-স্ত্রীকে কুপিয়ে মালামাল লুট

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় এক স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামে স্বর্ণ ব্যবসায়ী খোকন চন্দ্রের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করে মালামাল লুট করেছে।
জানা যায়, মঙ্গলবার ভোর রাতে একদল ডাকাত উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের স্বর্ণ ব্যবসায়ী দামনাশ গ্রামের খোকন চন্দ্রের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে। এ সময় তারা ওই ঘর থেকে নগদ টাকা পয়সা ও স্বর্ণ লুট করেছে বলে জানিয়েছেন খোকন চন্দ্রের স্বজনেরা। ডাকাতদের মারপিটে স্বামী-স্ত্রীসহ দুইজন আহত হয়।
আহত ব্যক্তিরা হলেন দামনাশ গ্রামের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী খোকন চন্দ্র (৪০) ও তাঁর স্ত্রী দীপ্তি রানী (৩২)। দামনাশ বাজারে খোকনের একটি জুয়েলারি দোকান আছে। আহত দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহত ব্যক্তিদের স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ৫-৬ জনের একদল ডাকাত দামনাশ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী খোকন চন্দ্রের একতলা পাকা বাড়ির ছাদে ওঠে। পরে ছাদ থেকে সিঁড়ি হয়ে নিচে নামে ডাকাত দল। তারা বাড়ির চারটি কক্ষের তিনটি বাইরে থেকে ছিটকিনি বন্ধ করে দেয়। এসব ঘরে খোকন চন্দ্রের মা, সন্তান ও স্বজনেরা ছিলেন। পরে ডাকাতেরা খোকনের শয়নকক্ষে ঢোকে। এ সময় তারা স্বামী-স্ত্রীকে ঘুম থেকে তুলে আলমারি ও সিন্দুকের চাবি চায়। একপর্যায়ে তারা স্বর্ণ ও অর্থ লুট করতে থাকে।
এ সময় খোকন চন্দ্র ও দীপ্তি রানী বাধা দিলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে জখম করে। ঘরে থাকা স্বর্ণ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে চলে যায় তারা। পরে আহত ব্যক্তিদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ডাকাতেরা বাড়িতে থাকা স্বর্ণ, অর্থ ও একটি মোটরসাইকেল নিয়ে চলে গেছে বলে জানিয়েছেন স্বজনেরা।
আহত খোকনের সজনেরা বলেন, ডাকাতেরা বাড়িতে থাকা স্বর্ণ, অর্থ ও একটি মোটরসাইকেল নিয়ে চলে গেছে। কত টাকার মালামাল লুট হয়েছে সেটা বলতে পারেননি স্বজনেরা।
খোকন চন্দ্রের মা পুষ্পা রানী (৭১) বলেন, তাঁর ঘরে ডাকাতেরা বাইরে থেকে ছিটকিনি দিয়ে রেখেছিল। ভোরে ছেলে ও ছেলের স্ত্রীর চিৎকারে লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।
যোগাযোগ করা হলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা দস্যুতার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন ও অপরাধীদের খুঁজে বের করার জন্য তদন্ত করছে।


প্রকাশিত: May 14, 2025 | সময়: 4:10 am | সুমন শেখ