সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচিতে নার্সিং দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি: ‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার জয়পুরহাট নার্সিং ইন্সটিটিউট চত্বর থেকে বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষক (ইনস্ট্রাক্টর) ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নার্সিং ইন্সটিটিউট চত্বরে গিয়ে শেষ হলে সেখানে নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ ইন্সট্রাক্টর আকলিমা খাতুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মুজিবুর রহমান ফাউন্ডেশন নার্সিং কলেজের প্রিন্সিপাল দেওয়ান মুর্শিদা, গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল রেশমা খানম, কছিমুন্নেসা নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাহফুজা বেগম এবং আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মেরি গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নার্সিং একটি পেশা নয়, সেবা। তাই এ ধারায় নার্সিং সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের আদর্শ গ্রহণ করতে হবে।
তারা নার্সিং শিক্ষা ও নার্সিং পেশায় জড়িত সকল শিক্ষার্থীদেরকে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ধারণ করে সেবার মানসিকতায় নার্সিং শিক্ষার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিংগেলের আদর্শকে মনে প্রাণে লালন করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।


প্রকাশিত: May 13, 2025 | সময়: 4:12 am | সুমন শেখ