সর্বশেষ সংবাদ :

৫মে গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের মানবপ্রাচীর

স্টাফ রিপোর্টার: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ‘গণহত্যার’ বিচার দাবিতে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবির এক মানবপ্রাচীর কর্মসূচির আয়োজন করেছে।
সোমবার (৫ মে) সকাল ১০টা ৩০ মিনিটে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর শিবিরের সভাপতি শামীম উদ্দিন।
মানববন্ধনে বক্তারা বলেন, “২০১৩ সালের ৫ মে, ২০২৪ সালের ৫ আগস্ট, ২০০৬ সালের পল্টন, এবং ২০০৯ সাল থেকে শুরু হওয়া সব গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।” তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, “বর্তমান সরকার বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বহু নিরীহ মানুষকে হত্যা করেছে।” তারা এসব হত্যাকাণ্ডের বিচার করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
আওয়ামী লীগ এখনও ‘বিভিন্ন ধরনের অপতৎপরতা’ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, “দেশের গণতন্ত্র ও ইসলামপ্রিয় জনগণের অধিকার হরণ করছে আওয়ামী লীগ। এসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা প্রয়োজন।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, রাজশাহী মহানগর শিবিরের সাধারণ সম্পাদক ইমরান নাজির, রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


প্রকাশিত: May 6, 2025 | সময়: 4:02 am | সুমন শেখ