সর্বশেষ সংবাদ :

ইনসাবের কেন্দ্রীয় কমিটি সভাপতি রবিউল সম্পাদক রাজ্জাক

স্টাফ রিপোর্টার: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে রবিউল ইসলাম সভাপতি ও আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সহ সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমাইল হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মুন্নি চৌধুরী মেধাসহ টিইউসি ও ইনসাবের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অতীতের ন্যায় বর্তমানেও দেশের শ্রমজীবী মেহনতি মানুষ মানবেতর জীবন যাপন করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হওয়ায় শ্রমজীবী মানুষের পক্ষে জীবিকা নির্বাহ করা দুরুহ হয়ে পড়েছে, শ্রমজীবী মানুষের উপর চাঁদাবাজি, হয়রানী, নির্যাতন অহরহ ঘটছে। নারী শ্রমিকরা নানাভাবে নির্যাতিত ও নিগৃহিত হচ্ছে। ৫ আগষ্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যূত্থানে সরকার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের উপর শোষন নির্যাতন অব্যাহত রয়েছে।
বক্তারা বলেন, ব্যক্তিমালিকানা নির্বিশেষে অবিলম্বে ৩০ হাজার টাকা জাতীয় নূন্যতম মজুরি ঘোষণা করতে হবে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। রেশনের মাধ্যমে শ্রমিকদের চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী শ্রমজীবী মানুষের মধ্যে সরবরাহ করতে হবে। শ্রমিক কলোনী স্থাপনের মাধ্যমে বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ইনসাবের কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক বর্ণিত তফসিল অনুযায়ী কেন্দ্রীয় কমিটির ৩০টি পদের জন্য সর্বোচ্চ ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করে। উক্ত মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৈধ বলে বিবেচিত হলে তারা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কাউন্সিল অধিবেশেনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী রুহুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা উপস্থাপন করলে কাউন্সিলর ও প্রতিনিধিগণ হস্ত উত্তোলনের ও হ্যাঁ সূচক মন্তব্যের মধ্যে নির্বাচিত নেতৃবৃন্দদেরকে সমর্থন ও অভিনন্দন জানান।


প্রকাশিত: April 26, 2025 | সময়: 3:17 am | সুমন শেখ