সর্বশেষ সংবাদ :

আত্রাই সাহেবগঞ্জ বাজারে জলাবদ্ধতা নিরসনে গভীর ড্রেন নির্মাণ

আত্রাই প্রতিনিধি: দীর্ঘদিনের জলাবদ্ধতা ও স্যানিটেশন সমস্যা সমাধানে আত্রাই সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারে ৭৫ মিটার দীর্ঘ গভীর আরসিসি ড্রেন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে মেসার্স সুজা ট্রেডার্স।
পাঁচুপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে চলা এই কাজ শেষ হলে বাজার ও আশেপাশের এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং স্যানিটেশন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।
স্থানীয় ক্রেতা-বিক্রেতা ও বাসিন্দারা জানান, ড্রেনের দূষিত পানি ও ময়লা আবর্জনা সঠিকভাবে নিষ্কাশন হবে, যা বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং জনস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখবে।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, হাটবাজারের রাজস্ব খাতের অর্থায়নে এই অর্থবছরে প্রকল্পটি হাতে নেওয়া হয়। ৭৫ মিটার দীর্ঘ এই গভীর ড্রেন নির্মাণে বাজেট ধরা হয়েছে ৭ লাখ ৪২ হাজার ১৪ টাকা, যা চলতি অর্থবছরের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে।
উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, ‘এখানে আগের ইটের ড্রেন ভেঙে যেতো, তাই এবার আরসিসি ঢালাই করে টেকসই ব্যবস্থা করা হচ্ছে। এতে দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা ও স্যানিটেশন সমস্যার সমাধান হবে।’
পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, ‘বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে এই প্রকল্প নেওয়া হয়েছে। কাজ শেষ হলে এলাকাবাসী স্বস্তি পাবেন।’
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। সাহেবগঞ্জ বাজারের ড্রেন নির্মাণ তারই অংশ, যা জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


প্রকাশিত: April 23, 2025 | সময়: 4:37 am | সুমন শেখ