বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় মামাতো ফুফাতো দুই বোন বাসার ফ্রিজের বিদ্যুতে স্পৃষ্ট হয়ে মারা গেছে। রোববার বিকেল ৩ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর এলাকার সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৫) ও সোলাইমানের মেয়ে সাইফা খাতুন (৭) পার্শ্ববর্তী আকবর হোসেন কুব্বতের ছেলে মিলনের বাসায় তারা দুজন লুকোচুরি খেলার সময় মিলনের বাসায় থাকা ফ্রিজের আড়ালে সাইফা ও হামিদা লুকিয়ে থাকতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্টে দুজনেই মারা যায়। ওই ঘটনায় মঙ্গল পাড়া এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই সেখানে ছুটে যান পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, ওই ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পাই। প্রাথমিক তদন্তে বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাই লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে সোলাইমানের বড় মেয়ে পাশে পুকুরে পড়ে মারা যায়। তার কয়েকদিন পর সোলায়মানের ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। এরপর আজ তার আরো একটি মেয়ে সন্তান লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।