সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবী

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক হোসনা আফরোজার নিটক এলাকাবাসীর পক্ষে শতাধিক স্বাক্ষরিত এই স্মারকলিপি জমা দেন।
জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপি থেকে জানা যায়, আদমদীঘি উপজেলা ১৯৮৩ সালে গঠিত। এরপর থেকে উপজেলাতে আধুনিকতার কোন ছোঁয়া লাগেনি। পরে ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের আমলে অন্যান্য উপজেলার চাইতে বেশি নির্যাতিত এবং নিষ্পেষিত এই উপজেলা। জরাজীর্ণ, অন্ধকারাচ্ছন্ন ছিলো উপজেলাটি। গত ৫ আগষ্টের পর নতুন ভাবে দেশ স্বাধীন হওয়ায় আদমদীঘি উপজেলা উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই উপজেলাতে যোগদানের পর থেকে বদলে দিয়েছে আদমদীঘির চিত্র। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানতে শিক্ষার পরিবেশ ফিরে এনেছেন। বৃদ্ধি করেছেন শিক্ষার মান। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উপজেলাকে ডিজিটাইজড ও সহজলভ্য করেছেন সকল নাগরিক সেবা। শিক্ষক ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করে তুলেছেন।
রাস্তাঘাট, অসহায়দের মানবিক সহায়তা সহ জনসাধারণের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এবং এখনো করছেন। উপজেলা নব নির্মিত অফিস ভবনের সামনের পুরাতন ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো অপসারণ করে নতুন স্থাপনার মাধ্যমে মনোরম পরিবেশ তৈরি করেছেন। উপজেলার প্রবেশ গেটসহ এ্যাপরোচ রোড, বাল্যবিবাহ রোধে কার্যকরী জরুরি ব্যবস্থা গ্রহণ করেছেন। জলমহাল ইজারার আওতায় এনেছেন এবং বিগত বছরের রাজস্বের তুলনায় রাজস্ব অনেক বৃদ্ধি করেছেন। এতে বেড়েছে সরকারি আয়। রাজনৈতিক নেতৃবৃন্দদের এক টেবিলে এনে উন্নয়নের ধারা চলমান রেখেছেন তিনি। সমন্বয়কদের সাথে যোগাযোগ সম্পর্ক রেখে প্রগতিশীল ধারা অব্যাহত রেখেছেন।
আদমদীঘি তৃণমূল পর্যায়ের জনসাধারণের সাথে ভালো সম্পর্ক স্থাপনের মাধ্যমে সফলভাবে ৯টি জাতীয় অনুষ্ঠান ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ১লা বৈশাখ, ২৬ মার্চ সহ বিভিন্ন উৎসব সম্পন্ন করেছেন তিনি। বাপ্পী, আসলাম, সিহাবসহ অর্ধশতাধিক এলাকাবাসী জানায়, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এখানে আসার পর থেকে উপজেলাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে করেছেন যা সবার থেকে এগিয়ে। বিগত দিনে এমন কাজ আগে দেখিনি। এখানকার স্থানীয় বিএনপি ও অন্যান্য দলীয় নেতাকর্মী এবং জনসাধারণ তাঁর কাজকর্ম ও আচার ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট।
শুধু তাই নয় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এই উপজেলাতে এখনো কিছু কাজ অসমাপ্ত রয়েছে। আশা করছি তিনি আরো কিছুদিন এখানে থাকলে যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন। কিছু অসম্পূর্ণ কাজ শেষ হলে এলাকাবাসী নানাভাবে উপকৃত হবে। তাই জনসাধারণের কথা ভেবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিটক বিশেষ অনুরোধ করছি।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, এলাকাবাসী আমার নিকট ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের জন্য স্মারকলিপি দিয়েছেন। এটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি।


প্রকাশিত: April 20, 2025 | সময়: 3:11 am | সুমন শেখ