বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
রাজশাহীর দুর্গাপুরে বিএনপি কর্মী মকবুল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার শতশত নারী-পুরুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি কর্মী মকবুল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী আব্দুল আহাদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে মকবুল হোসেন ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হন।
তারা বলেন, এ হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, বরং গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতার উপর হামলা।
বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসনের নীরব ভূমিকা হতাশাজনক বলে উল্লেখ করেন তারা।
সমাবেশে অংশগ্রহণকারীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সানশাইন / রবি/শামি