সর্বশেষ সংবাদ :

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের মুসলিম জনগণের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ কর্মসূচি শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী দুপুরে মহানগরীর রাজপাড়া থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন ও কুশপুত্তলিকা দাহ করা হয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মহানগরীর সিঅ্যান্ডবির মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষ অনুষ্ঠিত এক সমাবেশে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশের বক্তব্য শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে একটি খণ্ড মিছিল লক্ষ্মীপুর মোড়ে হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ-আল-মামুন, রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল নিউ গভ: ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমেদ অন্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপাড়া থানার যুগ্ম আহ্বায়ক শাহিন হোসেন প্রমুখ।
এদিকে সকালে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনের সড়কে সমাবেশ করে ছাত্রদল। এছাড়াও ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিটি কলেজ ছাত্রদল শাখা। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী সিটি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি মহানগরীর সোনাদিঘীর মোড়, সাহেববাজার জিরোপয়েন্টে, কুমারপাড়া হয়ে ফের জিরোপয়েন্টের জলিল বিশ্বাসের মার্কেটের সামনে আসে। এখানে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাবি: গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং ইসরায়েলী পণ্য বর্জনের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, “গাজায় ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছ থেকে দ্রুত প্রতিক্রিয়া আশা করছেন প্রতিবাদীরা।
নাচোল: নাচোলে ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৪টার জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল জেলা পরিষদ ডাক বাংলো থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ড মোড় গোল চত্বরে পৌর জামায়াতে আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমীর ইয়াকুব আলী, সেক্রেটারী মাও. মোবারক হোসেন, পৌর জাামায়াতের নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, ছাত্র শবিরের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাফিস উদ্দিন। দোয়া পরিচালনা করেন নাচোল বাজার জামে মসজিদের পেশ ইমাম মাও. এনামুল হক। বক্তারা ফিলিস্তিনি নীরহ জনগণের উপর নৃশংস হামলা প্রতিবাদ জানান। সেই সাথে এই হত্যা ও ধ্বংস যজ্ঞ বন্ধের জন্য জাতি সংঘের সহযোগিতা কামানা করেন।
মোহনপুর: ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীর মোহনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ আয়োজনে প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এর আগে শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে একটি র‌্যালি করেন। যা ক্যাম্পাস হতে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনের ফটকের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ইসরায়েলের পণ্য বয়কট, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ইসরায়েলের দুশমন হুশিয়ার সাবধান, সেইভ চিলড্রেন অব প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। পরে সংক্ষিপ্ত সমাবেশে মোহনপুর উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, গাজায় শিশু, নারী, সাধারণ মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। এই দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও সোচ্চার হতে হবে। একইসঙ্গে তারা বাংলাদেশ সরকার সহ আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয় এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের পথে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা হয়। প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে ছিলেন মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহম্মাদ আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টুটন, সদস্য ইয়ামিন, রাসেল, ছাত্র নেতা মুন, মোহনপুর সরকারি কলেজ শাখা সভাপতি শিমুল, সাধারণ সম্পাদক লিটন, ছাত্র নেতা সাব্বির, জাকির, নাহিদ, সজিব সহ কলেজের সাধারণ শিক্ষাথীরা
আদমদীঘি: কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী অগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের স্বাধীনতা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে মুক্তিয়োদ্ধা চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল আলম, ফেরদৌস আলম, পৌর যুবদলের (ভারপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা সিদ্দিকুর রহমান তুফান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সাবেক সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পাভেল, সাবেক বগুড়া জেলা ছাত্রদলের নেতা জহির রায়হান শুভ, আদমদীঘি উপজেলাছা ত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সিনিয়র সহ-সভাপতি সোয়াইব হোসেন শিমুল, পৌর ছাত্র দলের সহ-সভাপতি হযরত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলিফ রবিন, পৌর ছাত্র দলের নেতা জেমস হাসান বাপ্পি, আদমদীঘি ছাত্রদলের নেতা জিহাদ, সোহানুর, সাহারিয়ার মাহি, আকাশ হোসেন, পৌর ছাত্র দলের তথ্য ও গবেষণা সম্পাদক সোহাগ, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্রদল নেতা মোমেন সরদার খোকন, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহবুব, বিপ্লব, ছাত্রদল নেতা ফাহমিদ বিন রফিকসহ বিপুল সংখ্যক ছাত্র দলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে।


প্রকাশিত: April 9, 2025 | সময়: 6:56 am | সুমন শেখ