বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-রাজশাহী-ঈশ্বরদী রুটের জনপ্রিয় কমিউটার ট্রেনে দুইটি বগি কর্তনের ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গত তিন মাস ধরে শত শত যাত্রীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হচ্ছে, তবুও রেল কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই রুটের যাত্রীরা প্রতিদিন প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও বয়স্ক যাত্রীদের জন্য এ সংকট আরও কষ্টদায়ক হয়ে উঠেছে। সামনে ঈদ আসায় ঘরমুখো মানুষের চাপে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তাবলীগ ইজতেমার সময় অতিরিক্ত চাহিদার কারণে বগি দুটি কর্তন করা হয়েছিল। আমরা যাত্রী দুর্ভোগের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল বলেন, কমিউটার ট্রেনে বগি সংকটের কারণে যাত্রীদের যে কষ্ট হচ্ছে, সে ব্যাপারে আমরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। দ্রুত সমাধান না হলে এই দুর্ভোগ আরও বাড়বে। এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানিয়েছেন, বগি দুটি বর্তমানে মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে রয়েছে। সেগুলো দ্রুত সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীরা আশাবাদী, দ্রুত বগি সংযোজন করা হবে। তবে যথাযথ পরিকল্পনা ও দ্রুত পদক্ষেপ না নিলে ঈদের সময় এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই সাধারণ যাত্রীদের দাবি, রেলওয়ে যেন অবিলম্বে এই সংকট সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়, যাতে ঈদের আগে স্বস্তিতে যাতায়াত করা যায়।