সর্বশেষ সংবাদ :

ঠাকুরগাঁও হাসপাতালে চু রি যাওয়া নবজাতক গাজীপুর থেকে উদ্ধার, চারজন আ ট ক

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি যাওয়া আড়াই মাস বয়সী নবজাতককে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বুধবার (১২ মার্চ) জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র থেকে জানা যায়, সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের মো. শিমুল ইসলামের ছেলে সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে গত রবিবার (১০ মার্চ) ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তার মা হাসি বেগম ও নানি হাসপাতালে শিশুটির দেখাশোনা করছিলেন।

সোমবার (১১ মার্চ) সারাদিন শিশুটির পাশে থেকে পরিচর্যা করে এক অপরিচিত নারী, যার নাম সোনালী আক্তার (২০)। তিনি শিশুটির পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে বিভিন্নভাবে সাহায্য করেন। বিশ্বাস অর্জনের পর সন্ধ্যার দিকে শিশুটির মা ও নানি পাশের ওয়ার্ডে এক আত্মীয়কে দেখতে যান। এ সুযোগে সোনালী শিশুটিকে নিয়ে পালিয়ে যান। ফিরে এসে সন্তানকে না পেয়ে শিশুটির বাবা মো. শিমুল ইসলাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং জানতে পারে সোনালী আক্তার শিশুটিকে নিয়ে গাজীপুরের দিকে রওনা হয়েছেন। তাৎক্ষণিকভাবে গাজীপুর র‍্যাব-১ এর সহায়তায় পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অবশেষে গাজীপুরের বড়বাড়ি নুরলতলা গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (১২ মার্চ) রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযানে মূল অভিযুক্ত সোনালী আক্তার (২০) এবং তার বাবা সামসুদ্দিনসহ আরও দুইজনকে আটক করা হয়। পুলিশ রাতেই শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। শিশুটির বাবা-মা সন্তান ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান বলেন, “অভিযুক্ত সোনালী আক্তার একটি পরিকল্পিত চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। আমরা এই চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছি।” তিনি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার গভীরে তদন্ত চালানো হবে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিশুটিকে দ্রুত উদ্ধার করায় পুলিশের ভূয়সি প্রশংসা করছেন স্থানীয়রা।

সানশাইন / মাসুদ বিপ্লব / শামি


প্রকাশিত: March 12, 2025 | সময়: 8:19 pm | Daily Sunshine