সর্বশেষ সংবাদ :

মোহনপুরে নিখোঁজ কৃষকের জমিতে মিললো মগজ সদৃশ পিণ্ড

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে নিখোঁজ হওয়া এক কৃষকের জমিতে মগজ সাদৃশ বস্তু পাওয়া যায়। পরে ওইস্থান ঘিরে রাখে পুলিশ। জানা যায়, জমিতে সেচ দিতে গিয়ে আলতাফ শাহ (৫২) নামের এক কৃষক নিখোঁজ রয়েছেন। তার জমিতে মগজসদৃশ এক টুকরা মাংস এবং কিছুটা দূরে রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সোমবার ফসলের জমিতে গিয়ে মগজ সাদৃশ ঐ বস্তু দেখা যায়। এঘটনার পর নিখোঁজ ঐ কৃষকের পরিবারের সদস্যরা শঙ্কা করছেন খুনের পর তার লাশ গুম করা হয়েছে।
জানা গেছে, নিখোঁজ আলতাফ শাহের বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামে। পার্শ্ববর্তী সরকার পুকুর মাঠে তিনি নিজের জমি চাষ করেন। রোববার রাত ৯টার দিকে তিনি জমিতে সেচ দিতে যান। আলতাফের জমির পাশেই তার চাচাতো ভাই শরিফুল ইসলামেরও জমি। ওই রাতে তিনিও জমিতে সেচ দিতে গিয়েছিলেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, রাতে দুই চাচাতো ভাই একসঙ্গে জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তারপর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক ব্যক্তি এসে তাদের দুজনকে থামিয়েও দেন। তারপর দুই চাচাতো ভাইকে রেখে তিনি চলে গেছেন। পরে কী হয়েছে বলা যাচ্ছে না।
ওসি আরো জানান, রাতে আলতাফ শাহ বাড়ি না ফিরলে সকালে পরিবারের লোকজন জমিতে আসেন। তারা জমির একটি জায়গায় মগজের মতো একটি মাংস পিণ্ড দেখতে পান। এ ছাড়া পাশে পুকুরের পাড় দিয়ে যাওয়া একটি রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ খুঁজে পান তারা। এলাকায় বিষয়টি জানাজানি হলে অনেক মানুষ মাঠে ভিড় করতে থাকেন। খবর পেয়ে পুলিশও যায়।
ওসি আরও বলেন, জমিতে পাওয়া মাংস খণ্ড আমার কাছেও মগজ মনে হয়েছে। কিন্তু পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এটা পরীক্ষার জন্য পাঠাব। আলতাফ বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তা এখনো বলা যাচ্ছে না। হয় জীবিত, না হয় মৃত। আমরা তাকে খুঁজছি। তার চাচাতো ভাই শরিফুলকেও খোঁজা হচ্ছে।


প্রকাশিত: March 12, 2025 | সময়: 3:43 am | সুমন শেখ