সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে (৪৪) নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া বাজার থেকে গ্রেপ্তার করে নিয়ামতপুর থানা পুলিশ।
হাবিবুর রহমান উপজেলা হাজিনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খোর্দ্দচম্পা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এর আগে বুধবার রাতে একই মামলায় নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাপাষ্টিয়া গ্রামের মৃত মোজাফফর কাজির ছেলে নজরুল কাজিকেও কাপাষ্টিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন।
ওই মামলায় নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ঈম্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন বাবর সহ ৩৭ জন ও অজ্ঞাত নামা আরো ২শ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে হাবিবুর রহমান ও নজরুল কাজিকে গ্রেপ্তার করা হয়।
এই মামলার আসামী হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম ইতি, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর ইতোপূর্বে অন্য একটি হত্যা মামলায় ঢাকার গাজিপুরে আদালতে জামিন নিতে গেলে জামিন নামমঞ্জুর হলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, হাবিবুর রহমান ও নজরুল কাজির নামে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলায় অজ্ঞাতনামা আসামী। তাকে আদালতে সোপর্দ করা হয়।


প্রকাশিত: March 8, 2025 | সময়: 2:41 am | সুমন শেখ