, , ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ভুটভুটিতে বহনকরা রড বুকে ঢুকে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কেশরহাট-কামারগাঁ সড়কের চকবেলনা এলাকায় এঘটনা ঘটে। নিহতের নাম আবুল বাশার (১৮)। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলা চক বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবুল বাসার একটি প্লাটিনা মোটরসাইকেল যার রেজিঃ নং নওগাঁ- হ-১৩-৫৪৩১ যোগে নিজ বাড়ি হতে মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে কম্পিউটার শেখার জন্য রওনা দেন।
পথিমধ্যে মোহনপুরের চকবেলনা এলাকায় পৌঁছা মাত্রই অপর দিক হতে আসা রড বোঝায় একটি ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ভুটভুটিতে থাকা রড মোটরসাইকেল আরোহীর বুকের ভেতর ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃরদেহ উদ্ধার করে। এসময় ঘাতক ভুটভুটি জব্দসহ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্ত পাঠানো হয়েছে। ভুটভুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।