সর্বশেষ সংবাদ :

মামলা দায়ের, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন : রাজশাহীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকার কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হত্যা করে কাশবনে ফেলে দেওয়া হয়েছে তার লাশটি।
নিহত ব্যক্তির নাম আবুল বাসার ওরফে মিন্টু (৩৫)। পেশায় ব্যবসায়ী মিন্টু নগরীর মির্জাপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা। বিনোদপুর বাজারে তার ইলেকট্রিক ব্যবসার দোকান আছে।
নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, কাশবনে ঘুরতে আসা কয়েকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়। ঘুরতে আসা অনেকে লাশের ছবিটি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে। জানাজানির পর নিহতের পরিবার ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করে।
আশরাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে মিন্টুর খোঁজ পাচ্ছিল না পরিবার। কাশবনে তার মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। পলিথিনের ওপর স্কচটেপ প্যাঁচানো ছিল।
ওসি আরও বলেন, ‘আলামত দেখে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড।
রাজশাহীর ইলেকট্রিক ব্যবসায়ী আবুল বাসার মিন্টুকে হত্যার ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নগরের রাজপাড়া থানায় এ মামলা করেন নিহত ব্যক্তির স্ত্রী। এদিকে ব্যবসায়ী মিন্টুর খুনিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে রাজশাহীর ইলেকট্রিক ব্যবসায়ীরা বিক্ষোভ-সমাবেশ করেছেন।
শনিবার দুপুর ১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি। সমাবেশ থেকে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বক্তরা বলেন, অবিলম্বে তাদের সংগঠনের সদস্য আবুল বাসারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ব্যবসায়ী আবুল বাসার মিন্টু নগরের বিনোদপুর বাজারের মেসার্স তামিম ইলেকট্রিকের মালিক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরের লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন পদ্মার পাড়ে মুখে পলিথিন ও স্কচটেপ প্যাঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে চেষ্টা করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।


প্রকাশিত: February 23, 2025 | সময়: 6:16 am | সুমন শেখ

আরও খবর