, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর জেলার অধীন সাতটি উপজেলা, আটটি পৌরসভা ও ৫২ টি ইউনিয়ন এবং সকল ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। রোববার রাতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রোববার বিকেলে নাটোর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়ক (রাজশাহী বিভাগ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এড. সৈয়দ শাহীন শওকত ও সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান। বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণার তথ্য নিশ্চিত করে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ঢাকায় জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় জেলার সকল পর্যায়ের কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এসময় তিনি এসমস্ত ইউনিটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি সম্পন্ন করে জেলা সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন।