সর্বশেষ সংবাদ :

সদ্য বিবাহিত জামাইয়ের মৃত্যুতে মরদেহ নিয়ে শাশুড়ির আহাজারি

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে কয়লা বাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় চার্জার ভ্যান চালক আরিফ আলী (৩০) নিহত হয়েছে। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের মহদেবপুর গ্রামের বুদ্ধু আলীর ছেলে। সোমবার দুপুরে উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে সদ্য বিবাহিত যুবক আরিফের মারা যাবার খবর শুনে মরদেহ সামনে নিয়ে শাশুড়ির আহাজারিতে ঐ এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শী আহসান হাবিব জানান, সোনামসজিদ বন্দর থেকে পেঁয়াজ বোঝাই একটি বৈদ্যুতিক মোটর চালিত ভ্যান টার্মিনাল এলাকায় পৌছালে ভ্যানের চাকা ভেঙ্গে যাওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যভাগে ভ্যান সহ আরিফ পড়ে যায়। এ সময় বিপরীত দিক চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ভ্যানটি কে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। এর পরপরই খবর পেয়ে নিহতের শাশুড়ি মরদেহ ও ভেঙ্গে পড়া ভ্যান সামনে নিয়ে আহাজারি করতে থাকেন।
তিনি আরও জানান, ছয় মাস আগে মেয়ের সাথে বিয়ে দেয়ার এমন মৃত্যুর খবর পেয়ে নিহত আরিফের শাশুড়ির বুকভাঙ্গা আর্তনাদে অনেকেই কেঁদে ফেলেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশিত: December 31, 2024 | সময়: 7:26 am | সুমন শেখ