সর্বশেষ সংবাদ :

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি রাজ্জাক, সম্পাদক মালেক

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন রোববার অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে আকতারুজ্জামান বল্টু তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আব্দুর রাজ্জাক প্রামানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
অপরদিকে আব্দুল মালেক সাধারণ সম্পাদক ও আহসান হাবিব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই দুই পদে ৪ জন করে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রোববার দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
নির্বাচন কমিশনার ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু ও আবু হেনা কামরুজ্জামান।
সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সাবেক এমপি জাহান পান্না, উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রায়হানুল আলম রায়হান, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম সামছুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, সাবেক জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, বাগমারা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান লিটন, সাবেক সাধারন সম্পাদক কৃষিবিদ ওয়ালিউজ্জামান পরাগ, সাবেক তাহেরপুর পৌর ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।
জানা গেছে, কাউন্সিলে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই দুইটি পদে ৪ জন করে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের মধ্যে, আকতারুল আলম (দোয়াত কলম) ১৬৯ ভোট, শাহীনুর ইসলাম (ফুটবল) ৭৪, মোজাম্মেল হক (মোরগ) ১৮০ ভোট ও আব্দুল মালেক (আম) ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপর দিকে সাংগঠনিক সম্পাদক পদে সিরাজ উদ্দীন প্রাং (মই) ১৮০ ভোট, জহুরুল ইসলাম জয়নাল (কাপপিরিচ) ৩৫ ভোট, আমজাদ হোসেন (দেয়ালঘড়ি) ১৮৩ ভোট এবং আহসান হাবিব (টিউবওয়েল) ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভবানীগঞ্জ পৌরসভার দুইটি পদে ৮ জন প্রার্থীকে নয়টি ওয়ার্ডের ৬৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে।
ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার ও সম্মেলনের সভাপতি শাহাদত হোসেন সরকার জানান, শান্তিপূর্ণ ভাবে কাউন্সিলর ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশিত: December 31, 2024 | সময়: 7:22 am | সুমন শেখ