বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামায়াতে ইসলামী। এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দল দুটি অংশ নিয়েছিল। তবে ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিল এই দুটিদল। এ দিক থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সু-সংগঠিত হচ্ছে বিএনপি ও জামায়াত।
বিএনপির একাধিক নীতি নির্ধারকরা জানান, সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনি প্রস্তুতি নিচ্ছেন। তবে আনুষ্ঠানিক ভাবে কাউকে নির্বাচনি প্রচারণার কোনো নির্দেশ দেওয়া হয়নি। তার পরেও দলের ইতিবাচক কর্মকাণ্ড ও চিন্তাভাবনা তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। নীতিনির্ধারকদের মতে, প্রার্থী নির্ধারণে প্রাধান্য পাবে বিগত নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রার্থী, যারা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ছাত্রদল থেকে উঠে আসা কতিপয় নেতারা। তবে একক নাকি জোটবদ্ধ ভাবে অংশ নেবে, তা নির্বাচনের তারিখ ঘোষণার পর চূড়ান্ত হবে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা বলছেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে, তখন যে পরিস্থিতি বিরাজ করবে, তার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। কাজেই এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে, তা এখনই বলার সুযোগ নেই।
তবে জামাতের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনি কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনি মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা দল গোছানোর পাশা-পাশি নির্বাচন ঘিরে সারা দেশে মাঠ সরব রেখেছেন। জানা যায়, তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরীর সর্বোচ্চ চেষ্টা করছেন দলটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানা দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন।
এদিকে বিএনপির ও জামাতের নীতি নির্ধারকরা জানিয়েছেন, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। একই দাবি জামায়াতে ইসলামীরও। ইতোমধ্যে দুই দলের নেতারা দল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠও গোছাচ্ছে দল দুটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনি আসনে এখন সক্রিয়। নেতারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান গুলোয়। ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
এদিক থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি । ইতোমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারীবিষয়ক সংগঠন এবং স্থানীয় সরকার সংস্কারে কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠনের ৯০ দিনের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা। এরই মধ্যে বিএনপি, জামায়াত-সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের কথাও বলা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম জানান, জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার।
এর আগে দেশে গত কয়েক দিনে নৈরাজ্যের পেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি ও জামায়াত। এতে উদ্বেগের কথা জানিয়েছেন দল দুটির নেতারা। পাশাপাশি দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। সেখানে তুলে ধরেছেন দ্রুত সংস্কার করে জাতীয় নির্বাচনের প্রাসঙ্গিকতা। ন্যূনতম সংস্কারগুলো সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার তাগিদও দিয়েছেন তাঁরা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনমুখী দল হিসাবে নির্বাচনকেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময়ই দলের থাকে এবং সে অনুযায়ীই এখন তারা কাজ করছেন।
তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি সব সময়ই আমাদের ছিল এবং এটি থাকবে। তবে সময়ে সময়ে এর নানাদিক আপডেট কিংবা কিছু পরিবর্তন হয়। সেগুলো আমরা করছি।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এক সাক্ষাত কারে বলেছেন, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করেছি, এগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনি দল হিসাবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। প্রস্তুতি রয়েছে। আমাদের বক্তব্য জামায়াতে ইসলামীর আমির পরিষ্কার করেছেন, ন্যূনতম যে সংস্কার দরকার, আমরা চাই এ সংস্কার গুলো দ্রুত সম্পন্য করে নির্বাচন দেয়া হউক।