সর্বশেষ সংবাদ :

নাটোরে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে চার ডাকাত আটক

নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে ডাকাতি হওয়া সামগ্রীসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নিজ দপ্তরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। গ্রেফতারকৃত চার ডাকাত সদস্যরা হলেন, নাটোর সদর উপজেলার আলাইপুর মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রনি (৩৬), তেবাড়িয়া উত্তরপাড়ার মৃত হারুন আলীর ছেলে সবুজ আলী (২৭), সিংড়া উপজেলার বিলদহর গ্রামের মোঃ আতারুলের ছেলে মোঃ এনামুল হক (২৮) এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাঁড়িয়া গাথি গ্রামের মৃত নিরেন চন্দ্রের ছেলে মিন্টু কুমার (৩২)।

 

 

অভিযানে উদ্ধারকৃত ডাকাতি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি সোনার চেইন, একটি সোনার আংটি, গলিত ঝুর স্বর্ণ, স্বর্ণ বিক্রয়লব্ধ নগদ ১৩ হাজার ৫০০ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি লোহার চাপাতি, একটি ছোরা ও দুইটি হাসুয়া।

 

 

পুলিশ সুপার জানান, নাটোর পৌরসভার মীরপাড়া এলাকার উত্তম কুমার সাহা এবং উত্তর বড়গাছা এলাকার স্বপন কুমার কুন্ডু বুধবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়িতে ডাকাতির অভিযোগ করে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। অভিযানে অভিযুক্তদের নওগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। প্রেস ব্রিফিংএ নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম এবং নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী উপস্থিত ছিলেন।

সানশাইন/শামি


প্রকাশিত: November 14, 2024 | সময়: 8:30 pm | Daily Sunshine