সর্বশেষ সংবাদ :

অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে –  ডিসি আফিয়া আখতার

বাগমারা প্রতিনিধি : 

বিগত পনের বছর ধরে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি শাখায় যে অনিয়ম দূর্নীতি , হয়েছে এসব থেকে মুক্ত হতে গত ৫ আগষ্টের পর থেকে পনের দিন বা পনের মাসে সম্ভব নয়। এই অবস্থা থেকে পরিশুদ্ধ হওয়ার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। আমরা একই ভুল বারবার করতে চাই না। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আপনারা যে সমস্যার কথা তুলে ধরেছেন আমরা সেই সমস্যা গুলোর সমাধান করতে এসেছি। ছাত্র-জনতা যে বৈসম্য বিরোধী আন্দোলন করে বিপ্লবের মাধ্যমে নব দিগন্তের সূচনা করেছে। আমরা তাদের আত্মত্যাগকে বৃথা যেতে দেব না। আমাদের দায়বদ্ধতা রয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে বাগমারা উপজেলা পরিষদ সভা কক্ষে বাগমারা উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার এসব কথা বলেন। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আরো বলেন, রাজশাহীর বৃহত্তর উপজেলা বাগমারা। বাগমারার গুরুত্ব অনেক। এখানে যেমন সমস্য রয়েছে তেমনি অপার সম্ভাবনা রয়েছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনাদের মতামতের ভিত্তিতে ও আইনগত বিধিবিধান অনুসরন করে স্থানীয় সমস্যার সমাধানে কাজ করতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখানে অনেক বক্তাই মাদক, রাস্তায় জ্যাম, বরেন্দ্রের সেচ ব্যবস্থা, পুকুর খনন, চাঁদাবাজি, ঘুষ বানিজ্য, ভেজাল পণ্য, ভেজাল কীটনাশক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, পল্লী বিদ্যুতের মিটার চুরি সহ নানান বিষয় নিয়ে সুচিন্তিত মতামত দিয়েছেন। আমরা আপ্রান চেষ্টা করব এই সমস্যা গুলোর দ্রুত সমাধান করতে।

 

 

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) নাহিদ হোসেন, বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, ভবানীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেসক্লাবের আহবায়ক আকবর আলী, সাবেক সভাপতি আলতাফ হোসেন, আফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক সামসুজ্জোহা মামুন, আবু বাক্কার সুজন, নূর কুতুবুল আলম, অধ্যক্ষ জিয়াউল আলম, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেন, শামিম হোসেন প্রমূখ।

 

সানশাইন/শামি


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪ | সময়: ৬:৫৭ অপরাহ্ণ | Daily Sunshine