বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ্ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এর শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: যোবায়ের হোসেন।
বিকেল চার টায় কেন্দ্রীয় ঈদগাহ্ উন্নয়ন কাজের ফলক উন্মোচনে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে যোবায়ের হোসেন বলেন, আমি যে ঈদগাহে কোন এক সময় নামাজ আদায় করেছি, আজ সেটি উন্নয়নের জন্য নিজ হাতে ফলক উন্মোচন করতে পেরে নিজেকে গর্বিত ও ধন্য মনে করছি।
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা অনেকেই অবগত আছেন, কোন এক সময় আমি বাঘায় সহকারী কমিশনার(ভুমি) হিসাবে দায়িত্ব পালন করে ছিলাম। এরপর বিভিন্ন স্থানে নির্বাহী অফিসারের দায়িত্ব পালন শেষে বর্তমানে রাজশাহী জেলা প্রশাসকের অধিনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসাবে দায়িত্ব পালন করছি। আমি বাঘাবাসীর ভালোবাসায় সিক্ত। সৃষ্টিকর্তা যদি সহায় হন, নতুন ভাবে নির্মিত ঈদগাহে যে কোন একটি ঈদে নামাজ আদায় করতে আসবো।
বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখে বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এছা,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বাঘা মাজারের সাবেক মোতয়াল্লি খন্দকার মুনছুরুল ইসলাম, সাবেক বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা, ইসলামী একাডেমির প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম। সূত্রে জানা গেছে, প্রাচীর নির্মান-সহ ৩৮ লক্ষ টাকা ব্যয়ে এই ঈদগাহ্টি উন্নয়ন করা হবে।