সর্বশেষ সংবাদ :

রাজশাহী গোদাগাড়ীতে ফুটবলের ভেতর থেকে ২কোটি ১০লাখ টাকার হেরোইন উদ্ধার

সানশাইন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন র‌্যাব-৫। গতকাল শনিবার রাত ৯টার দিকে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার সরমংলা গ্রামে এই অভিযান চালায়। র‌্যাব জানিয়েছেন, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা। এবং মাদক কারবারিদের ফেলে যাওয়া ফুটবলের ভেতর পাওয়া গেছে এ হেরোইন।

 

আজ রোববার (২৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে।

 

 

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সরমংলা মহল্লার হেলিপ্যাড সংলগ্ন এলাকায় যান। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের কাছে থাকা একটি ফুটবল ফেলে রেখে পালিয়ে যান।

 

পরে র‌্যাব সদস্যরা ফুটবলটি উদ্ধার করে দেখেন, বিশেষ কায়দায় ফুটবলের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল ২ কেজি ১শ’ গ্রাম হেরোইন। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: October 27, 2024 | সময়: 4:39 pm | Daily Sunshine