সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা; গ্রেফতার -৩

সানশাইন ডেস্ক: রাজশাহীর এয়ারপোর্ট থানার ভুগরইল গ্রামে একটি অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা করে তার মরদেহ মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে।

 

গত রবিবার ( ২০ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহীর এয়ারপোর্ট থানার ভুগরইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের মরদেহ একটি কালাই খেতে পুঁতে রাখা অবস্থায় আজ সোমবার (২১ অক্টোবর) সকালে পুলিশ লাশ উদ্ধার করেন।

 

 

নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৬৫)। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে। তাকে হত্যার অভিযোগে ৩ জনকে আটক করেছেন পুলিশ।

 

আটককৃতরা হলেন, রাতুল, ফিরোজ এবং শুভ। তাদের ৩ জনের বাড়ি রাজশাহীতেই এমনটাই জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার।

 

 

 

এ ঘটনায় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার তিনি বলেন, গত রোববার দিবাগত রাতে এই ৩ জন অটোরিকশা চালক সিরাজুল ইসলামকে হত্যা করে মরদেহ পুঁতে রাখে। এরপর তারা অটোরিকশা নিয়ে চলে যায়। সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গিয়ে তারা অটোরিকশাটি বিক্রয় করার চেষ্টা করে। এ সময় তাদের কথাবার্তা সন্দেহ-জনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে গোদাগাড়ী থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যা কাণ্ডের বিষয়টি উঠে আসে।

 

 

এরপর বিষয়টি এয়ারপোর্ট থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে ওই ৩ জনের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করেছেন পুলিশ। অটোরিকশা চালকের লাশটি কলাই খেতে মাটিচাপা দিয়ে পুঁতে রাখা হয়েছিল । এর আগে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

 

 

নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য (রামেক) রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে বলেও আরও জানান তিনি।


প্রকাশিত: October 21, 2024 | সময়: 5:06 pm | Daily Sunshine