সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে অপহরণের অভিযোগ

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইসলাম মাসুদ (২১) উপজেলার বশিকোড়া আকন্দপাড়া মোজাফ্ফর আলীর ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন ধরে মাদ্রাসা থেকে বাড়িতে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত শফিউল ইসলাম মাসুদ। প্রেমে রাজি না হলে অপহরণ করে নিয়ে যাওয়ার বিভিন্ন রকম হুমকি ধামকি দিতেন তিনি। গত সোমবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ী আসার সময় মাদ্রাসার দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে অপহরণ করে রাণীনগর আবাদপুকুরের দিকে নিয়ে যান শফিউল ইসলাম মাসুদ।
পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুজি করে সন্ধান না পেয়ে পুলিশের সহয়তা নেন। এরপর ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: October 18, 2024 | সময়: 5:52 am | সুমন শেখ