সর্বশেষ সংবাদ :

বাঘায় বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

স্টাফ রিপোর্টার,বাঘা: রাজশাহীর বাঘায় শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভের মুখে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অবশেষে পদত্যাগ করেছেন।

 

আজ সোমবার(২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের নিকট অবসর পত্রটি জমা দিয়েছেন প্রধান শিক্ষক নিজে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০ টার সময় সাধারণ শিক্ষার্থী,অভিভাবক এবং এলাকাবাসির ব্যানারে-প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সীমাহীন দুর্নীতি,নিয়োগ বানিজ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা প্রাঙ্গনে প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ছবি সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

 

এরপর তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন।এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মওদুদ আহমেদ, রুবেল হোসেন, সহকারি প্রধান শিক্ষক নওশের আলী,সহকারি শিক্ষক ইসমাত আরা সাথী, শিক্ষার্থী হাফিজুর রহমান-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার লিখিত আবেদন পত্রটি জমা দেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন তিনি। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি বলেন, নিজের সম্মান রক্ষার্থে আমি পদত্যাগ পত্র জমা দিলাম।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমার কার্যালয়ে এসে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক পদত্যাগ পত্র জমা দিয়েছেন। মাধ্যমিক শিক্ষা অফিসারের বিষয়টি আমলে নিয়েছি, এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪ | সময়: ৬:৫৯ অপরাহ্ণ | Daily Sunshine