রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষার্থীরা ছয়দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন।

 

এদিন ‘নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর হটাও কারিগরি শিক্ষা বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ছয়দফা দাবির মধ্যে রয়েছে, কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বর্হিঃভূত কোন জনবল থাকতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬মাস) করতে হবে। ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্রুত অপসারণ করতে হবে। কারিগরি সেক্টরের সকল শূণ্যপদে কারিগরি জনবল দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার করতে হবে এবং উপ সহকারি প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যাতিত অন্য কেহ আবেদন করতে পারবে না এবং উপ সহকারি প্রকৌশলী ও সমমান পদ ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন নির্ধারণ

 

করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেকারত্ব নিরসনে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার অর্গানোগ্রামে ১:৫ অনুপাতে উপ-সহকারী প্রকৌশলী পদ সৃজন করতে হবে। ৪র্থ শিল্পবিপ্লবের চালেঞ্জ সামনে রেখে দেশে বিদেশের কর্মবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কারিকুলাম ঢেলে সাজাতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে বিএসসি (পাস) কোর্স/ সমমানের মর্যাদা প্রদানে সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা মানববন্ধন ও র‌্যালিতে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪ | সময়: ৪:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ